যশোরের ঝিকরগাছায় নারীর নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় ফজিলা খাতুন নামে এক নারীর মাথার চুল কেটে, মুখে কালি মাখিয়ে এবং লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনাটির ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী ও পুরুষ মিলে ফজিলা খাতুনকে বেধড়ক মারধর করছেন। তারা তার মাথার চুল কেটে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল এবং ঘুষি মারেন। একপর্যায়ে, ফজিলা খাতুনের মুখে কালি মাখিয়ে লাঠি দিয়ে মারধর করতে দেখা যায়। নির্যাতনের দৃশ্য ধারণ করে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ফজিলা খাতুনের ছেলে রায়হান ও বিথী নামের এক নারীর মধ্যে দুই বছর আগে পারিবারিক গোলযোগের কারণে বিচ্ছেদ ঘটে। পরে বিথী বিয়ে করেন শিমুল হোসেন নামের এক যুবককে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফজিলা খাতুন সাবেক পুত্রবধূ বিথীর সঙ্গে দেখা করতে বেনেয়ালী গ্রামে যান, যেখানে তাকে নির্যাতন করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি দ্রুত ঝিকরগাছা থানায় পুলিশ পাঠান। পুলিশ রবিবার রাতেই চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ফজিলা খাতুন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং পুলিশ আরও আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করছে।