যশোরে বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

জেলা প্রতিনিধি :

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই বর্বর ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, আশরাফুল তাঁর বন্ধুর সাবেক স্ত্রী সুমাইয়াকে বিয়ে করেছিলেন। অভিযুক্ত বাপ্পী, যিনি আশরাফুলের বন্ধু ছিলেন এবং মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বলে পরিচিত, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটান। সুমাইয়া বাপ্পীকে তালাক দেওয়ার পর আশরাফুলের সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরে তাঁরা বিয়ে করেন।

নিহতের পিতা আখতার হোসেন বলেন, বাপ্পী আশরাফুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং একাধিকবার বাড়ির সামনে বোমা ফাটানোর ঘটনাও ঘটিয়েছেন। বিষয়টি পুলিশের কাছে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শনিবার রাতে বাপ্পী ও তাঁর সহযোগীরা আশরাফুলকে ফোনে ডেকে ষষ্ঠীতলায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করায়, তবে অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, আশরাফুলের শরীরে একাধিক গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।