নিজস্ব প্রতিবেদক:
যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২ নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়ে ওই একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কথা থাকা ঢাকা-ব্যাংকক রুটের বিজি-৩৮৮ ফ্লাইটেও।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি নির্ধারিত সময়ে উড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছায় দুপুর ১টা ৩০ মিনিটে।
এই একই বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা-ব্যাংকক ফ্লাইট বিজি-৩৮৮। ফলে পূর্ববর্তী ফ্লাইটে বিলম্বের কারণে ব্যাংককগামী ফ্লাইটটিও নির্ধারিত সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।











