যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে অগ্নিসংযোগ, এক যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একজন ২১ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার ভোররাতে, লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে, যেখানে প্রধানমন্ত্রী স্টারমারের ব্যক্তিগত বাসা অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চল থেকেই লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এই টেরেসড হাউজে বসবাস করতেন। বর্তমানে তিনি সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে স্টারমারের এক মুখপাত্র জানিয়েছেন, “ঘটনাটি খুবই উদ্বেগজনক। আমরা জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ ও সাহসিকতার জন্য কৃতজ্ঞ।”
সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব অনুধাবন করে তৎপরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ব্রিটিশ রাজনীতিতে এই ধরনের সহিংসতার ঘটনা বিরল নয়, তবে কোনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে এমন হামলা বিরল এবং নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।