অনলাইন ডেস্ক:
নতুন বছর শুরুর আগে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি মূল নীতি নির্ধারণী বৈঠকে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘সবচেয়ে কঠিন’ কৌশল চালুর ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গতকাল রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।
২৩-২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে কিম জং উন দেশটির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে কৌশল নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে কেসিএনএ জানায়, যুক্তরাষ্ট্র ও জাপানের জোট এখন ‘পারমাণবিক সামরিক জোটে’ পরিণত হয়েছে এবং দক্ষিণ কোরিয়াকে তারা ‘কমিউনিস্টবিরোধী ঘাঁটি’ হিসেবে ব্যবহার করছে।
কেসিএনএ-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, “এই পরিস্থিতি আমাদের স্পষ্টভাবে নির্দেশ করছে, আমাদের কোন পথে এগোতে হবে এবং কীভাবে কাজ করতে হবে।”
বৈঠকে চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ায় ঘটে যাওয়া বন্যার পরিস্থিতি মোকাবিলা নিয়েও পর্যালোচনা করা হয়। পাশাপাশি কিম ‘বন্ধুভাবাপন্ন’ দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দেন।
কিম জং উন বৈঠকে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। উত্তর কোরিয়ার এই ধরনের বৈঠকগুলো সাধারণত কয়েক দিন স্থায়ী হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে এ সভাগুলোতেই দেশটির মূল নীতি নির্ধারণ করা হয়।











