অনলাইন ডেস্ক:
ডেনমার্কের একটি নতুন জরিপে দেখা গেছে, দেশের ৪৬ শতাংশ নাগরিকই যুক্তরাষ্ট্রকে তাদের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করেন। একই সঙ্গে, ৭৮ শতাংশ ডেনিশ নাগরিক গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে বিক্রি করার বিপক্ষে মত দিয়েছেন। গত ১৫ থেকে ২২ জানুয়ারি ইউগভ কর্তৃক চালানো এই জরিপে ১,০০০ জন ডেনিশ নাগরিক অংশগ্রহণ করেছেন।
গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে এই দ্বীপটি কিনতে চাওয়ার পর। এরপরই ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডে তীব্র রাজনৈতিক আলোচনা শুরু হয়। ট্রাম্পের এ বিষয়ে আগ্রহ প্রকাশের পর, ডেনমার্কের জনমতও উত্তপ্ত হয়ে ওঠে। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ডেনিশ নাগরিক বলেছেন, তারা গ্রিনল্যান্ডের বিক্রির বিপক্ষে। ৭২ শতাংশ জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার শুধুমাত্র গ্রিনল্যান্ডের বাসিন্দাদের।
এছাড়া, জরিপে দেখা গেছে, ডেনিশরা যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া (৪৪%) এবং ইরান (৪০%) থেকেও বড় হুমকি মনে করছেন। তবে, ৮৬ শতাংশ ডেনিশ মস্কোকে দেশটির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
২০১৯ সালে ট্রাম্প তাঁর প্রথম প্রেসিডেন্সি মেয়াদে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন এবং এটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় হতে পারে বলে উল্লেখ করেছিলেন। তবে, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা একাধিকবার জানিয়েছেন, এই দ্বীপটি বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়।
ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন চলতি মাসের শুরুতে বলেছেন, “গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র তার বাসিন্দাদের, ডেনমার্কের নয়।”











