নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস জানান, তিনি নিজেই এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠি লিখে শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্প সেই অনুরোধে সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ মি. প্রেসিডেন্ট। আপনার প্রশাসনের বাণিজ্যনীতির সমর্থনে আমরা কাজ চালিয়ে যাব।”
একই রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান,
“চীন ব্যতীত বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এই সময়ের জন্য শুল্ক হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।”
তবে ট্রাম্প চীনের প্রতি কড়া অবস্থানও বজায় রেখেছেন। তিনি লেখেন,
“চীন বিশ্ববাজারের প্রতি যেভাবে শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে, তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।”
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেসব দেশ শুল্ক ও বাণিজ্য বাধা তৈরি করেছে, সেসব নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে ৭৫টির বেশি দেশ। তারা বাণিজ্য, শুল্ক, মুদ্রানীতি, অশুল্ক বাধা ইত্যাদি বিষয়ে সমাধানের জন্য ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR), বাণিজ্য বিভাগ ও অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই শুল্ক স্থগিতাদেশ বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। বিশেষত, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক, ওষুধ ও হালকা প্রকৌশল খাতে যেসব পণ্য রপ্তানি হয়, তার ওপর সম্ভাব্য শুল্ক বেড়ে যাওয়ার আশঙ্কা আপাতত দূর হলো।










