অনলাইন ডেস্ক:
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অংশ হিসেবে চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই বন্দিদের দুই দফায় মুক্তি দেওয়া হয়।
প্রথম দফায় প্রায় ২ হাজার কারাবন্দি ইসরায়েলের ‘ওফের’ কারাগার থেকে রামাল্লার পশ্চিমাংশের বেইতুনিয়া শহরে নিয়ে আসা হয়। বন্দিদের পরিবহনের জন্য সহায়তা করে আন্তর্জাতিক সংস্থা আইসিআরসি (ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি)।
একই সময়ে দ্বিতীয় ব্যাচে ১ হাজার ৭১৮ জন ফিলিস্তিনিকে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে মুক্তি দিয়ে গাজার খান ইউনিস শহরে পাঠানো হয়। এসব বন্দির অনেকে ২০২৩ সালের অক্টোবরের পর গাজায় চালানো সামরিক অভিযানের সময় গ্রেপ্তার হয়েছিলেন। এদের মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
গাজার দক্ষিণাঞ্চলীয় নাসার মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে প্রত্যেক বন্দিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তাদের বরণ করে নিতে বেইতুনিয়া ও খান ইউনিসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এটিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হয়। এর পরদিন ৮ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
প্রায় দুই বছরের সেই ভয়াবহ অভিযানে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হন।











