নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থবোধ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, ফেরদৌস আরা মূলত মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর মরদেহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে দাফন করা হবে।
ফেরদৌস আরা চলতি বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।











