নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার আমদানিনির্ভর খাদ্য পণ্যের শুল্ক-কর হ্রাস করেছে। বৃহস্পতিবার, খেজুরের শুল্ক-কর হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের বিষয়টি নিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে খেজুর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে খেজুর আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে মোট করভার ৬৩.৬০ শতাংশ থেকে কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ শুল্ক-কর হ্রাসের ফলে খেজুরের আমদানি ব্যয় মানভেদে প্রতি কেজি প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা কমতে পারে। এতে খেজুরের আমদানি বাড়বে এবং বাজারে খেজুরের সরবরাহ বৃদ্ধি পাবে, যার ফলে খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড।











