অনলাইন ডেস্ক:
রাঙামাটি মেডিকেল কলেজের ছয় ছাত্রলীগ নেতাকে একাডেমিক কার্যক্রম এবং কলেজের ছাত্রাবাস থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতদের বিরুদ্ধে গত বছরের ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের আওতায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এবং আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, তিন মাসের জন্য বহিষ্কৃত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য চাকমা, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন, সৃজন কান্তি দে, অভিজিৎ কুমার বৈদ্য এবং সিং সিং এ মং।
কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়, ১৬ জুলাই সংঘটিত ওই অপ্রীতিকর ঘটনার পর কিছু সাধারণ শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেন, যা তদন্ত কমিটি যাচাই করার পর সত্যতা পায়।
বহিষ্কৃতদের ১ ফেব্রুয়ারির মধ্যে কলেজের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।











