ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজধানীতে পৃথক হামলায় শিক্ষার্থীসহ নিহত ২

প্রকাশিত: 17 May 2025, 12:26 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগে পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় এক আলোকচিত্রি ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী। শনিবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

নিহতরা হলেন— বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর আবুল ফকিরের ছেলে ও পেশাদার আলোকচিত্রি নুর ইসলাম (২৬), এবং ড. মালেকা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলভী (২৭)। আহত হয়েছেন একই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১), যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোহাম্মদপুরে আলোকচিত্রিকে কুপিয়ে হত্যা

নুর ইসলামের ভাই ওসমান গনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর দুর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং মাথা ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাথমিকভাবে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

অপর ঘটনায় নিহত আলভীর মামি মাহী জানান, শুক্রবার রাত ৮টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আলভী ও আশরাফুল। এ সময় ১০–১২ জন দুর্বৃত্ত এসে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নেওয়া হলেও পরে রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেলে আনার পর আলভীকে মৃত ঘোষণা করা হয়। আশরাফুল বর্তমানে ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ দুটি ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বলছে, হামলার পেছনে কী কারণ রয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন