রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এটা জানতে পেরে তিনি বাড়ির ভেতরে গোয়ালঘরে (ছাগল রাখার ঘর) লুকিয়ে থাকেন। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, “সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন এবং তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ‘ডানহাত’ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২ সেপ্টেম্বর পুঠিয়া থেকে নিজ এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ। কয়েকদিন জেল খাটার পর জামিনে মুক্তি পান তিনি।