রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জন চিকিৎসক

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন চিকিৎসক বলে ধারণা করছেন রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম।

সোমবার (২ জুন) রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ শতাংশ নমুনাতেই করোনা শনাক্ত হয়। অধ্যাপক ফয়সল আলম জানান, “আক্রান্তদের বেশিরভাগের উপসর্গ হালকা জ্বর, সর্দি, কাশি হলেও তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং সুস্থ হতে কিছুটা সময় নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সংবেদনশীলদের সতর্ক থাকা জরুরি। বিশেষ করে যাদের বয়স ৬০ বছরের বেশি বা যাদের ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগ রয়েছে, তাদের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিত।”

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে হাসপাতালে একজন করোনা রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সম্ভবত উপসর্গ কম থাকায় হাসপাতালে আসছেন না। ভর্তি রোগীর চিকিৎসা স্বাস্থ্যবিধি মেনে চলছে বলেও জানান তিনি।