রাজসাক্ষী হিসেবে আইজিপি আবদুল্লাহ আল-মামুনের সাক্ষ্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (৩ আগস্ট) সকালে হাজির করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি প্রথম রাজসাক্ষী হিসেবে স্বাক্ষ্য দেবেন। এ সময় তার হাতে কোনো হাতকড়া ছিল না।
সকাল ৯টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর একই দিন মামলার প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আসামি শেখ হাসিনা অনুপস্থিত থাকায় বিচার একতরফাভাবে চলছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞ সংক্রান্ত এই মামলায় ইতোমধ্যে পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনাসহ চার মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলেও আরও মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সর্বশেষ ঠিকানায় আদালত থেকে ওয়ারেন্ট পাঠানো হলেও তিনি বিদেশে অবস্থান করায় হাজিরা সম্ভব হচ্ছে না।
এই মামলায় আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও মানবাধিকার মহলে তীব্র বিতর্ক এবং সমালোচনা চলছে। কেউ এটিকে মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার দাবিকরে ‘আবশ্যক’ বলে উল্লেখ করছেন, আবার কেউ এটিকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে ট্রাইব্যুনাল।
