রাবিতে তদন্ত কমিটির সুপারিশে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের চূড়ান্ত শাস্তি নির্ধারণে নতুন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থীর ছাত্রত্ব পুনর্বহাল, একজন শিক্ষকের অভিযোগ প্রত্যাহার এবং তিন শিক্ষককে পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক অনীক কৃষ্ণ কর্মকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে আগের বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে।

এছাড়াও, ফলিত গণিত বিভাগের প্রাক্তন ছাত্র রফিকুল ইসলামের ছাত্রত্ব পুনর্বহাল ও তার পরীক্ষার অপ্রকাশিত ফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।