অনলাইন ডেস্ক:
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার সকালে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উত্তর প্রশান্ত মহাসাগরে সুনামির সৃষ্টি হয় এবং আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ডসহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার। প্রথমে কম্পনের মাত্রা ৮.০ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ বলা হয়।
এ কম্পনের ফলে ওই শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে রাস্তায় যানবাহন কাঁপতে দেখা গেছে। বেশ কয়েকটি আফটারশকও (পরবর্তী কম্পন) রেকর্ড হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬.৯ মাত্রার।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, তাৎক্ষণিকভাবে গুরুতর কোনো প্রাণহানির খবর না মিললেও কিছু মানুষ চিকিৎসা সহায়তা চেয়েছেন। কামচাটকা ছাড়াও রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ, যুক্তরাষ্ট্রের ওরেগন ও ক্যালিফোর্নিয়া, কানাডা, জাপান এবং নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়াই দ্বীপপুঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা জানিয়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। স্থানীয়রা উঁচু এলাকায় সরে যেতে শুরু করে। জাপানের হোক্কাইডোর টোকাচি উপকূলে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ দেখা গেছে।
নিউজিল্যান্ডের কর্মকর্তারা জানান, ‘অস্বাভাবিক প্রবল স্রোত ও অনিয়মিত ঢেউ’ দেখা যেতে পারে। তাদের জরুরি ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় এলাকাবাসীকে পানির ধারে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
২০১১ সালের জাপানে আঘাত হানা ৯.০ মাত্রার ভূমিকম্পের পর এটিই বিশ্বের অন্যতম শক্তিশালী ভূকম্পন বলে মনে করা হচ্ছে। ওই ভূমিকম্পে বিশাল সুনামি ও পারমাণবিক বিপর্যয় ঘটেছিল।
তবে এবারের কম্পনের পর ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে কোনো সমস্যা দেখা যায়নি। কেন্দ্রটির প্রায় ৪ হাজার কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে টেপকো।
রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বলছে, ১৯৫২ সালের পর কামচাটকায় এটি সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। তারা জানিয়েছেন, পরবর্তী কম্পনের আশঙ্কা এক মাস পর্যন্ত থাকতে পারে এবং উপকূলীয় এলাকাগুলোতে অপ্রয়োজনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।











