ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: 16 November 2026, 9:31 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং জাতি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা জানতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়ে যথাযথ জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একই সঙ্গে আমাদের সংগঠনকেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব প্রতিকূলতা কাটিয়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, দুনিয়াবি প্রাপ্তি আমাদের মূল লক্ষ্য নয়, বরং আখিরাতই আমাদের প্রধান গন্তব্য। মুমিন হিসেবে এই বিষয়টি সর্বদা স্মরণে রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে এবং সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতার মাত্রা আরও বৃদ্ধি করতে হবে।

শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দেওয়া বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না।

তিনি আরও বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবো। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন