অনলাইন ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে চার প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ড প্রতিরোধে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রকৃত অভাবী মানুষের কাছে যাতে সরকারি সহায়তা ও অনুদান সঠিকভাবে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে দাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যেকোনো ধরনের অনুদান প্রদানের ক্ষেত্রে অনুমোদিত সরকারি প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি জননিরাপত্তা বিভাগ।











