লক্ষীবাজার সিটি কর্পোরেশন মার্কেটে দোকান দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

লক্ষীবাজার সিটি কর্পোরেশন মার্কেটে দোকান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসীরা মার্কেটের দোকান দখল করে মালিকদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে। এতে মার্কেটের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কেটের দোকান মালিকরা সরকারের হস্তক্ষেপের দাবি জানান। মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এস এম ওমর আলী জানান, তারা নিয়মিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে মাসিক ভাড়া এবং বাৎসরিক ট্রেড লাইসেন্স ফি প্রদান করে আসছেন।

গত বছর ৫ আগস্টের পর সরকারি কলেজের ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে এবং স্থানীয় বিএনপির পরিচয়ে কয়েকজন সন্ত্রাসী দোকান খালি করার দাবি জানায়। যদি ব্যবসায়ীরা দোকান চালাতে চান, তাহলে মাসিক ২ লাখ টাকা দিতে হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতাদের মধ্যে শিশির আহমেদ, জসিম উদ্দিন, ফরহাদ, সোহাগসহ প্রায় শতাধিক সন্ত্রাসী রয়েছেন।

এস এম ওমর আলী বলেন, রাতের আধারে সন্ত্রাসীরা দোকানের তালা ভেঙে মালামাল, মূল্যবান দলিলপত্র, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসি ক্যামেরা ইত্যাদি লুটে নেয়। শিশির আহমেদ আসন্ন নির্বাচনের ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক আহমেদের সঙ্গে ছবি দেখিয়ে নিজেকে বড় নেতা হিসেবে পরিচয় দেয়।

ব্যবসায়ীরা সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপের আশু দাবি জানিয়েছেন যাতে মার্কেট রক্ষা করা যায় এবং স্থানীয় সন্ত্রাসীদের তান্ডব থেকে মুক্তি পাওয়া যায়।