লন্ডনগামী ফ্লাইট থেকে চলচ্চিত্র অভিনেত্রী নিপুণকে অফলোড

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী ফ্লাইটে উঠার সময় বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রী ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তিতে তাকে ইমিগ্রেশন থেকে ফেরানো হয়।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, এনএসআই নিপুণের যাত্রার ওপর আপত্তি জানালে তার পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা করা হয়। এরপর ফ্লাইট বাতিল করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “সকাল ৯টা ২০ মিনিটে লন্ডনগামী ফ্লাইটে ওঠার আগে নিপুণকে ইমিগ্রেশন থেকে অফলোড করা হয়। তবে তিনি আটক বা গ্রেপ্তার নন। এনএসআইয়ের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এনএসআই আপত্তির কারণ এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।