লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে ব্রিটিশ এনসিএ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনে বাংলাদেশের প্রাক্তন শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা) মূল্যের নয়টি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

জব্দকৃত সম্পত্তিগুলোর মধ্যে একটি বাড়ি রয়েছে লন্ডনের গ্রেশাম গার্ডেনসে, যেখানে শেখ রেহানা – প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মা – একসময় বসবাস করেছেন বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। ওই বাড়িটির মূল্য প্রায় ৭.৭ মিলিয়ন পাউন্ড।

জানা গেছে, সম্পত্তিগুলোর প্রতিটির মূল্য ১২ লাখ থেকে ৩৫.৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত এবং সেগুলো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আইল অব ম্যান এবং জার্সির মতো অফশোর প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয়েছিল।

এনসিএ জানিয়েছে, এটি একটি চলমান বেসামরিক তদন্ত এবং আরও সম্পত্তি জব্দের কাজ চলছে।

রহমান পরিবারের পক্ষে এক মুখপাত্র দাবি করেছেন, তাদের মক্কেল কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন এবং যুক্তরাজ্যের তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবেন। একইসঙ্গে তারা রাজনৈতিক অস্থিরতার মধ্যে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনার অভিযোগও তুলেছেন।