অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজে বাড়ানো হয়েছে একটি অতিরিক্ত ম্যাচ। ফলে পূর্বঘোষিত দুই ম্যাচের পরিবর্তে এখন তিন ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামীকাল বুধবার, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইসিবির মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে অতিরিক্ত ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
প্রথম ও দ্বিতীয় ম্যাচের মতোই তৃতীয় ম্যাচটিও একই ভেন্যু এবং সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ম্যাচটির টিকিট মূল্য, সম্প্রচারব্যবস্থা এবং অন্যান্য আয়োজনও পূর্বের মতোই থাকবে।
উল্লেখ্য, আমিরাত সফর শেষেই বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, পাকিস্তানে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান চারদিনের যুদ্ধের কারণে ওই সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। এখন পাকিস্তান সফর শুরু হবে ২৭ মে থেকে, যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এই পরিবর্তিত সূচির ফাঁকেই বাড়তি একটি ম্যাচ আয়োজনের সুযোগ কাজে লাগিয়েছে বিসিবি ও আমিরাত ক্রিকেট বোর্ড। এতে দুই দলই প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের প্রস্তুত করার বাড়তি সুযোগ পাচ্ছে।











