জেলা প্রতিনিধি :
লালমনিরহাট জেলার কালীগঞ্জে গত দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে চারপাশ। তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে থাকার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (১ জানুয়ারি) সকালে রংপুর আবহাওয়া অফিস ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
শীতের কারণে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সকালে ঘন কুয়াশার কারণে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, এবং চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে গেছে। যদিও দুপুরে আকাশে সূর্য দেখা যায়, তাতে তেমন উত্তাপ অনুভূত হচ্ছে না, ফলে শ্রমিকদের মতো খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়ছেন।
কালীগঞ্জের কৃষক সাইদুল ইসলাম জানান, “কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীত একটু বেশি অনুভব হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে সূর্যের দেখা মিলছে।”
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, “বুধবার সকালে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।”
এদিকে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুপফা বলেন, “এখন পর্যন্ত জেলার হতদরিদ্র মানুষের জন্য ৩,৯০০ কম্বল বরাদ্দ করা হয়েছে, এবং আটটি ইউনিয়নের জন্য ২,০০০ কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।”
শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে স্থানীয় প্রশাসন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে মানুষের দুর্ভোগ কমানোর জন্য প্রয়োজন আরও দ্রুত এবং কার্যকর ব্যবস্থা।











