অনলাইন ডেস্ক:
মার্কিন অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িতে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রবিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোর ৪টার দিকে লস অ্যাঞ্জেলেসের হিডেন হিলস এলাকায় কিমের প্রায় ৬ কোটি ডলার (বাংলাদেশি টাকায় যা ৭৩৮ কোটি ৮১ লাখেরও বেশি) মূল্যের বাড়িতে অনধিকার প্রবেশের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে সেখান থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র জানিয়েছে, বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলছে।
এ কারণে কিম কিংবা তাঁর পরিবারের কেউ সেখানে থাকছেন না। ২০১৪ সালে কিমের সাবেক স্বামী ও র্যাপার কানিয়ে ওয়েস্ট বাড়িটি কিনেছিলেন। বর্তমানে সংস্কারকাজ চলায় কিম লস অ্যাঞ্জেলেসের অন্য একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।
কিমের বাড়িতে চুরির চেষ্টা অবশ্য এবারই প্রথম নয়।
২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে একটি অ্যাপার্টমেন্টে অবস্থানকালে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন তিনি। একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে সেখানে ঢুকে বন্দুকের মুখে কিমকে জিম্মি করে প্রায় ১ কোটি ডলার মূল্যের গহনা লুট করে নিয়ে যায়।
পরে সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কিম জানিয়েছিলেন, হামলাকারীদের পায়ে ধরে নিজের জীবন ভিক্ষা চেয়েছিলেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে অ্যাপার্টমেন্টে ছিলেন বন্ধু সিমন হারুচে।
প্রায় এক দশক পর সেই ডাকাতির ঘটনায়ও বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে।
২০২৫ সালে মামলায় জড়িত আট আসামিসহ মোট ৯ জনকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেন আদালত।
রায় ঘোষণার পর এক বিবৃতিতে কিম বলেছিলেন, ‘এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ফরাসি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। ওই অপরাধটি আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা ছিল।’
তিনি আরো বলেন, ‘সেদিনের ঘটনা কখনোই ভুলব না। তবে বিশ্বাস করি বিচার ও জবাবদিহি মানুষের উত্তরণে সাহায্য করে। আমি সবার সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু আইনি ব্যবস্থা গঠনে সব সময় প্রতিজ্ঞাবদ্ধ।’











