লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের তুমুল বোমাবর্ষণ

অনলাইন ডেস্ক:

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহর কাফারে এই হামলা চালানো হয়, যার ফলে আশেপাশের শহরগুলোতে কম্পন অনুভূত হয়। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

এনএনএ জানায়, ইসরায়েলি বাহিনী কিয়াম শহরেও ভারী ও মাঝারি মেশিনগান দিয়ে অভিযান চালাচ্ছে। এছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লেবাননের জানতার উপকণ্ঠ, পূর্বাঞ্চলীয় বালবেক এবং দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের কাছে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে, এসব হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়, যার মেয়াদ আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।