নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্য তাঁকে হত্যা করে।
জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও স্বাধীনতা ঘোষণার অন্যতম পুরোধা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে পরিচিত।
এ উপলক্ষে বিএনপি ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ৮ দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি, ফাতেহা পাঠ এবং দরিদ্রদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ। আজ সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শেরেবাংলা নগরে কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতারা ইতোমধ্যে আলোচনা সভায় অংশ নিয়েছেন।
শহীদ জিয়ার আত্মত্যাগ, রাষ্ট্রনায়কত্ব, অর্থনৈতিক উন্নয়ন দর্শন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (সার্ক) গঠনে ভূমিকার কথা আজ নতুন করে স্মরণ করছে জাতি।











