শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা ও বেনজিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজির আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অবশিষ্ট তিনজন হলেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি ড. হাসান মাহমুদ খন্দকার ও ডা. ইমরান এইচ সরকার।

এই মামলায় অভিযুক্ত এবং আগেই গ্রেফতার হয়ে কারাগারে থাকা চারজন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। তাদেরকে আগামী ১২ মে তারিখে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, প্রোডাকশন ওয়ারেন্ট মূলে।

প্রসিকিউশনের পক্ষে আজ আদালতে শুনানি করেন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। এছাড়াও আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী।

এছাড়া, ২৭ নভেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বরের ঘটনার ব্যাপারে শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়।