শাহবাগ অভিমুখী প্রাথমিক শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষে শতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক:

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগ অভিমুখী প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

শাহবাগে অবস্থানরত প্রাথমিক শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ জানায়, সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো শিক্ষক সেখানে যোগ দেন। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন অংশসহ চারটি সংগঠন এই কর্মসূচি পরিচালনা করছে। সংগঠনগুলো হলো:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন)

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)

সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ

স্থানীয় শিক্ষকরা দাবি করেছেন, বেতন গ্রেডে বৈষম্য ও নিম্নমুল্যায়ন তাদের জীবনে বড় সমস্যা সৃষ্টি করছে। তাদের তিন দফা দাবি হলো:

দশম গ্রেডে বেতন নির্ধারণ

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান

শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “আলোচনা বহুবার হয়েছে, কিন্তু কোনো ফল নেই। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব।”