শিগগিরই জুলাই সনদ ঘোষণা করা হবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য গড়ে তোলা সম্ভব হলে শিগগিরই জুলাই সনদ ঘোষণা করা হবে।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সবাই আজ এখানে দেশ ও জাতির কল্যাণে একত্রিত হয়েছি। আশা করি, সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছে আমরা একটি অত্যন্ত সুন্দর জুলাই সনদ প্রস্তুত করতে পারবো।”

তিনি আরও বলেন, সরকার প্রত্যাশা করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে এনে সম্মিলিতভাবে একটি পথনির্দেশিকা তৈরি করা সম্ভব হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা নিজেই জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বিভিন্ন দলের অংশগ্রহণেই সম্ভব হচ্ছে এই জাতীয় সংলাপের কাঠামো ধরে রাখা।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, কমিশনের মেয়াদ ২০২৫ সালের আগস্টে শেষ হলেও, জুলাই মাসেই সনদ ঘোষণার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন।

তিনি বলেন, “এই পবিত্র দায়িত্ব আমরা যাতে সফলভাবে পালন করতে পারি, সে লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন, সরকারি প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত পাঁচটি মূল খাতে সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে কমিশনটি গঠিত হয়।

প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত চলে, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়। দ্বিতীয় দফায়ও বিভিন্ন দল ও অংশীজনদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীর পথচিত্র চূড়ান্ত করার উদ্যোগ চলছে।