শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের, তিন সহযোগীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বুধবার (২৮ মে) শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে তার তিন সহযোগী—আবু রাসেল মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) ও মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)—এর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এদিন আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রিয়াদ আহমেদ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সুব্রত বাইন ‘সেভেন স্টার গ্রুপ’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা। ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নামসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে এবং তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে।
তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গত মঙ্গলবার (২৭ মে) সকালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাকে ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, হাতিরঝিল এলাকার একটি বাসায় তারা নিয়মিত বৈঠক করতেন এবং সেখানেই অস্ত্র, গুলি ও অপরাধ সংঘটনের সরঞ্জামাদি রাখা হতো। ওই সূত্র ধরেই একইদিন বিকেলে এম এ এস শরিফ ও আরাফাত ইবনে মাসুদকে হাতিরঝিল থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যা ভবিষ্যতে আরও অস্ত্র উদ্ধার ও সহযোগী গ্রেফতারে সহায়ক হবে।
