শুভাঢ্যা খাল খনন ও সৌন্দর্য বর্ধনে কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পুনরুদ্ধার ও সৌন্দর্য বর্ধনের কাজ সেনাবাহিনী সম্পন্ন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এ খাল খননে সরকার ব্যয় করবে ৩১৭ কোটি টাকা।

সোমবার শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, “বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে ধলেশ্বরী নদী পর্যন্ত এই খাল খননের মাধ্যমে জলপ্রবাহ পুনরুদ্ধার এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা হবে।”

তিনি বলেন, খালের মুখগুলো ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। কেরানীগঞ্জের গার্মেন্টস শিল্প এলাকার বর্জ্য খালে না ফেলতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি এবং বলেন, “এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই প্রকল্প সফল হবে না।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “জনগণের অর্থেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই অর্থের অপচয় রোধ এবং সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের তদারকি জোরদার করা হচ্ছে।” তিনি এলাকাবাসীকে খালের রক্ষণাবেক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

বর্ষা মৌসুম সামনে রেখে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও তিনি কথা বলেন। সিটি করপোরেশনগুলো ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে বলে জানান উপদেষ্টা।

এছাড়া, খালের দুই পাশের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বনায়ন কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা।