শেখ হাসিনা কি বেঁচে আছেন, প্রশ্ন আবু হানিফের
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা দেশে ফেরার মতো সাহস রাখলে কখনোই দেশ ছেড়ে পালাতেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারা জনসমক্ষে দেখাতে পারেননি, তাই মানুষের মনে এখন বড় প্রশ্ন—তিনি আদৌ বেঁচে আছেন কি না?
আবু হানিফ আরও বলেন, গত দুদিন ধরে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন মাধ্যমে খবর ছড়ানো হচ্ছে যে, সীমান্ত দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা তার জন্য পথ খুঁজছেন। যদিও এসব সংবাদের সপক্ষে কোনো ছবি বা প্রমাণ মেলেনি। এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি দেশে ফিরতে চান। এসব সংবাদের কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও যোগ করেন, যদি শেখ হাসিনা বেঁচেও থাকেন, তবুও তিনি দেশে ফিরবেন না। কারণ ৫ আগস্টের পর জনগণ তাকে আর কোনো সুযোগ দেবে না, যা তিনি ভালোভাবেই জানেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ব্যবহারের সুযোগ চেয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তাকে যেভাবে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, তাতে বিজয় দিবসে তাকে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করেছেন। তবে তার এই দেশে ফেরার ঘোষণা ও রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
