মঞ্চে পোশাকে আগুন ধরিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের
অনলাইন ডেস্ক:
বড় পর্দা হোক কিংবা মঞ্চ—দর্শককে কীভাবে মাতিয়ে রাখতে হয়, তা বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বেশ ভালোই জানা। সিনেমার পর্দায় মারপিটের দৃশ্যে তিনি যেমন তুখোড়, বাস্তব জীবনেও তার কোনো ব্যতিক্রম দেখা যায় না।
এবার পোশাকে আগুন ধরিয়ে দিয়ে এক ভয়াবহ স্টান্ট প্রদর্শন করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন খিলাড়ি। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন অনুরাগীরা এবং প্রশ্ন তুলছেন, ষাটের দোরগোড়ায় পৌঁছেও এমন সর্বনাশী চ্যালেঞ্জ নিতে কীভাবে এতটুকু বুক কাঁপল না এই তারকার?
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক তারকাখচিত অনুষ্ঠানে এমন লোমহর্ষক কাণ্ড ঘটিয়েছেন তিনি, যা দেখে উপস্থিত সকলের চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
এই জমকালো অনুষ্ঠানে বলিউডের একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমারও। আর সেখান থেকেই খিলাড়ির এই রোমহর্ষক স্টান্টের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে তলোয়ার নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা।
ঠিক সেই সময়ই নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে দেখা যায়, অভিনেতা নিজের মাথায় একটি জ্বলন্ত প্রপ তুলে নিয়েছেন এবং তার পোশাকে দাউদাউ করে আগুন জ্বলছে। অভিনেতার এমন সাহসিকতা দেখে তাঁর বুকের পাটার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।
উল্লেখ্য, এর আগেও দর্শকদের সামনে সরাসরি মঞ্চে আগুন নিয়ে নানা ধরনের বিপজ্জনক স্টান্ট করতে একাধিকবার দেখা গিয়েছে অক্ষয় কুমারকে।
