শেষ বিদায় নিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি: জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

শোকাবহ পরিবেশে সম্পন্ন হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা। আজ শনিবার দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবারের সদস্য, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই আবু বকর সিদ্দিক। সংসদ ভবন এলাকায় হাদির মরদেহ নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

এর আগে আজ সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে কফিন নিয়ে আসা হয় দক্ষিণ প্লাজায়। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাঁকে দাফন করা হবে। ইতোমধ্যে সেখানে কবর খননের কাজ সম্পন্ন হয়েছে। কবর খননকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।