শেষ হচ্ছে জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’

অনলাইন ডেস্ক:

প্রতীক্ষিত ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর অন্তিম সিজন মুক্তির জন্য প্রস্তুত। চলতি বছরের ৮ এপ্রিল, ‘হুলু’ ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই তিনটি পর্ব একসঙ্গে মুক্তি পাবে, এবং এরপর প্রতি সপ্তাহে একটি করে নতুন পর্ব প্রকাশিত হবে। সিরিজটির শেষ পর্ব ২৭ মে স্ট্রিমিং হবে।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টিজারে জুন (এলিজাবেথ মস) তার ভয়েসওভারে বলেন, “ওরা বিশ্বাস করেছিল যে, এ পোশাকগুলো আমাদের শরীরে পরিয়ে দিয়ে তারা দুনিয়াকে জানিয়ে দেবে আমরা কারা। আমাদের চিহ্নিত করতে, ওরা আমাদের লাল পোশাক পরিয়েছে, যা রক্তের রং। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে, এটা রাগেরও রং। সে পোশাকটাই আমাদের ইউনিফর্ম হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম একটা সেনা।”

এছাড়াও টিজারে দেখা যায় হ্যান্ডমেইডরা সারিবদ্ধভাবে হাঁটছে, গির্জার ভেতরে একে অপরকে সুইচব্লেড দিচ্ছে এবং রাতের বেলায় দৌড়ে পালাচ্ছে। সেরেনাকে তার শিশুকে কোলে নিয়ে বলতে শোনা যায়, “বড় কিছু ঘটতে যাচ্ছে।” সিরিজটির টিজারটি শেষ হয় জুনের শক্তিশালী সংলাপ দিয়ে, “যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকায় হাঁটি, তবুও আমরা কোনো অশুভকে ভয় করব না।”

এই সিজনে জুন তার অদম্য আত্মা এবং সংকল্প নিয়ে গিলিয়াডকে ধ্বংস করার লড়াইয়ে ফিরে আসবে। লুক এবং মোইরা যোগ দেবে প্রতিরোধ আন্দোলনে, সেরেনা গিলিয়াডকে সংস্কার করার চেষ্টা করবে, এবং কমান্ডার লরেন্স ও আন্ট লিডিয়া তাদের কাজের ফল নিয়ে মুখোমুখি হবে। এছাড়া, নিকের জন্য আসবে এক কঠিন পরীক্ষা।

বিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর এই শেষ অধ্যায়টি ন্যায়বিচার, স্বাধীনতার জন্য আশাবাদ, সাহস, ঐক্য ও স্থিতিস্থাপকতার গুরুত্ব তুলে ধরবে। সিরিজটি ২০১৭ সালে মুক্তি পাওয়ার পর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রশংসা কুড়ায়। এলিজাবেথ মস, ইভন স্ট্রাহোভস্কি, অ্যান ডাউড, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে তাদের অভিনয় দিয়ে সিরিজটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবারের সিজনটি পরিচালনা করেছেন এলিজাবেথ মস, যিনি ২০২১-২৫ সাল পর্যন্ত সাতটি পর্ব পরিচালনা করেছেন।