জেলা প্রতিনিধি :
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি স্থগিত হওয়ার পর আজ বুধবার সকাল ৮টা থেকে খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন শুরু হয়েছে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছিলেন।
শ্রমিকরা জানিয়েছেন, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি চতুর্থ দিনে এসে স্থগিত করা হয়েছে। ফলে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে পুনরায় তেল উত্তোলন ও পরিবহন চালু হয়েছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বলেছেন, দাবি পূরণের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়েছে, তবে নেতাকর্মীদের হয়রানি করা হলে আবারও আন্দোলনে নামা হবে। শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন জানিয়েছেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এবং সকাল থেকেই তেল লোডিং শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন প্রক্রিয়ায় যথাযথ সহায়তা করা হবে।
টানা তিন দিন ধরে চলা কর্মবিরতির ফলে কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়। তবে শ্রমিকরা কাজে ফেরায় এখন জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।











