সংযুক্ত আরব আমিরাতে বিমান বিধ্বস্ত: দুইজন নিহত

অনলাইন ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন পাকিস্তানি নারী পাইলট এবং অপরজন ভারতের একজন চিকিৎসক। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাজিরাহ এভিয়েশন ক্লাবের বিমানটি গতকাল সোমবার উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়।

জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির বরাতে জানা গেছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী ভারতীয় চিকিৎসক সুলায়মান আল মজিদ, যিনি সংযুক্ত আরব আমিরাতেই জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন।

মজিদের বাবা মাজিদ মুকাররম জানান, দুর্ঘটনাটি ঘটে দুপুর ২টার দিকে কোভ রোটানা হোটেলের কাছে। মজিদ দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে বিমানটি ভাড়া করেছিলেন। তার ছোট ভাইয়ের পরবর্তী ফ্লাইটে যাওয়ার কথা ছিল।

বিমানের পাইলট ছিলেন ২৬ বছর বয়সী পাকিস্তানি এক নারী। মাজিদের পরিবার প্রথমে জানতে পারে যে বিমানটি রেডিও যোগাযোগ হারিয়েছে। পরে তাদের জানানো হয় এটি জরুরি অবতরণ করেছে এবং আরোহীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তারা জানতে পারেন, উভয় আরোহী গুরুতর আহত অবস্থায় মারা গেছেন।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।