নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বের হয়ে এক অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম সকালে হাঁটতে বের হন। ফজর নামাজ পড়ে তারা জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের কাছে এসেছিলেন।
মহাসড়কে হাঁটার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তারা ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা দুইজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তাদের মৃত্যু হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি জেনেছি। মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।











