নিজস্ব প্রতিবেদক:
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা বিরতি এলেও বৃষ্টির ধারা আগামী কয়েকদিন চলবে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এ সময়ে ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হলেও সকাল ছয়টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়ে।
শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু অঞ্চলে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা “ভারি বৃষ্টি” হিসেবে বিবেচিত।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার (৯ আগস্ট) থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরাঞ্চলে তা আরও বাড়তে পারে।
এই অবস্থায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা।











