সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় কর্মচারীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।

অধিকার রক্ষার দাবিতে দেওয়া স্লোগানগুলোতে কর্মচারীদের স্পষ্ট বার্তা—“অবৈধ কালো আইন মানা হবে না”, “এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী”। আন্দোলনকারীরা এমনকি বিক্ষোভে অংশ না নেওয়া সহকর্মীদেরও যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

বিক্ষোভের কারণে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ভঙ্গ বা কর্তব্যে অনীহার অভিযোগে নিম্নপদে অবনমন, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করার বিধান রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে না, তবে পুনর্বিবেচনার আবেদন করা যাবে।

সরকারের ভাষ্য অনুযায়ী এটি শৃঙ্খলা রক্ষার উদ্যোগ, তবে কর্মচারীরা এটিকে “অবৈধ কালো আইন” আখ্যা দিয়ে বলছেন, এটি মৌলিক অধিকার ও চাকরির নিরাপত্তার পরিপন্থী।

বর্তমানে দেশে আনুমানিক ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যারা এই আইনের আওতায় পড়বেন।