নিজস্ব প্রতিবেদক:
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আজ রবিবার সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই বিপুলসংখ্যক কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে এসে মিছিল করেন এবং “অবৈধ কালো আইন মানব না” স্লোগান দেন। বিক্ষোভে নেতৃত্ব দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
বাদিউল কবির বলেন, “সরকারি চাকরি আইন, ২০১৮-তে সব আচরণবিধি উল্লেখ রয়েছে। নতুন অধ্যাদেশে যেসব নিবর্তনমূলক ধারা যোগ করা হচ্ছে, তা একটি কালাকানুন এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।”
এর আগে গত বৃহস্পতিবার, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়। এর পর থেকেই বিভিন্ন কর্মচারী সংগঠন এর বিরোধিতা করে আসছে। একাধিক সংগঠন লিখিত বিবৃতি দিয়ে জানান দেয়, ১৯৭৯ সালের বিশেষ বিধানের কিছু প্রস্তাবিত ধারা সংবিধানের ১৩৫(২) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, যা দেশে প্রশাসনিক সংকট সৃষ্টি করতে পারে।











