নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে নানা মহলে উদ্বেগ ও জল্পনা বাড়তে থাকায়, চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন তিনি।
শনিবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা শনিবার সন্ধ্যায় উভয় রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে তার সরকারি বাসভবন ‘যমুনা’য়।
ওই কর্মকর্তা আরও জানান, একনেক সভা শেষে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়ে দেশের চলমান সংকট, দ্রুত সংস্কার এবং ২০২৫ সালের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ প্রস্তাব করবেন বলে জানা গেছে।











