ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

প্রকাশিত: 26 November 2026, 7:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্টদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সরকারি সম্মাননার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে নির্ধারিত সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৪৬ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যে তাদের তথ্য অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। যারা এখনও তালিকাভুক্ত হননি, তারাও অন্তর্ভুক্তির পর গত জুলাই থেকে বকেয়াসহ সম্মাননা পাবেন।

সরকারি সম্মাননার পরিধি সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচি শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদেরও এর আওতায় আনা হবে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

মন্তব্য করুন