ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সরকারি কর্মচারীরা প্রভু নন, সেবক: দুদক কমিশনার

প্রকাশিত: 26 May 2025, 5:57 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

“জনগণের টাকায় আমাদের বেতন হয়, অথচ আমরা সেই জনগণের প্রভু সেজে যাই—এটা গ্রহণযোগ্য নয়।” এমন মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সরকারি কর্মচারীদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান।

রবিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সদরের সরকারি দপ্তরগুলোর সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এই গণশুনানির আয়োজন করে দুদক।

কমিশনার আকবার আজিজী বলেন, “সরকারি কর্মচারীরা আল্লাহর দেওয়া যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে ঈমানদারির সঙ্গে কাজ করবেন। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বিচারকের ভূমিকা পালন করি। নিজেদের আয় ও জীবনাচারের মধ্যে সামঞ্জস্য না থাকলে পরিবারেও জবাবদিহির সংকট দেখা দেয়।”

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, “হতাশ না হয়ে নিজেদের জ্ঞান দেশের কাজে লাগাতে হবে। পরিবারকে যেমন সেবা দিতে হবে, তেমনি প্রজাতন্ত্রকেও।”

তিনি আরও বলেন, “দুর্নীতি রোধে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু প্রতিশ্রুতির পাশাপাশি মানসম্মত সেবাও নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার, হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

গণশুনানিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ, গণমাধ্যম ও ভুক্তভোগী নাগরিকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন