নিজস্ব প্রতিবেদক:
সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব, বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, “বিশেষ করে নারীদের সাইবার নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগকে অগ্রাধিকার দিতে হবে।”
শনিবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই সর্বসাধারণের জন্য ইন্টারনেট সুলভ করার লক্ষ্যে আইআইজি পর্যায়ে দাম কমানো হয়েছে, যার প্রভাব শিগগির গ্রাহক পর্যায়ে পড়বে।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে, তবে কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য খাতেও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিকে বিশ্বের অন্যতম উদ্ভাবনী খাত হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “তরুণ ও নারীদের এই খাতে যুক্ত করতে হবে। যেমন আরএমজি খাতে নারীরা দেশের অর্থনীতিতে অবদান রেখেছে, তেমনি আইসিটি সেক্টরেও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করতে হবে।”
স্থানীয় সরকারকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সেবাপ্রদান প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তর আনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপদেষ্টা হ্যাকাথন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ই-লাইসেন্স সেবা উদ্বোধন করেন। এছাড়াও রবি আজিয়াটার পক্ষ থেকে জুলাই মাসের গণ-আন্দোলনে আহতদের মাঝে ডিজিটাল ছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।










