নিজস্ব প্রতিবেদক:
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন বাড়াতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১৬ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এ সময় সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও উৎপাদন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়জুড়ে কোনো জেলে বা নৌযান সাগরে মাছ ধরতে পারবে না।
এর আগে ২০১৫ সাল থেকে প্রতিবছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করা হলেও জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের নিষেধাজ্ঞার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সাত দিন কমিয়ে ৫৮ দিন করা হয়েছে। ২০২৫ সালের ১১ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই সময়সীমা নির্ধারণ করা হয়, যা চলতি বছরও বহাল রয়েছে।
নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবিকা সুরক্ষায় সহায়তা দিচ্ছে সরকার। উপকূলের ১৪টি জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের মোট ৩ লাখ ১১ হাজার ৬২ জন সমুদ্রগামী জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই নিষেধাজ্ঞা সামুদ্রিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।











