সাটুরিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার করায় থানায় বিক্ষোভ ও ঘেরাও

জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করেছেন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মী ও গ্রেপ্তারকৃতদের স্বজনরা। সোমবার (৭ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪), এবং ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৬)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের খবরে সন্ধ্যার দিকে ছাত্রলীগের প্রায় ৪০-৫০ জন নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা থানা চত্বরে এসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পুলিশ সতর্ক অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। গ্রেপ্তারের পর কিছু অনুসারী থানায় এসে উত্তেজনা সৃষ্টি করেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি।