সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে ভিড় উপচে পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে।

তবে এই সমাবেশের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা করল জামায়াত। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে একক জাতীয় সমাবেশ করছে দলটি।

সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। শনিবার (১৯ জুলাই) ফজরের পর থেকে হাইকোর্ট এলাকা, মৎস্যভবন, শাহবাগ এলাকার বিভিন্ন স্পট ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সমাবেশের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।