নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহারে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আব্দুল্লাহ হাবিবী, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মুফতি এনামুল হক, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক হোসেন।
বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিনের শহীদদের স্মরণ করে আমাদের রাজনীতি ও সংগ্রামকে আরও মানবিক, ন্যায়ভিত্তিক ও ঈমানদার বানাতে হবে।”
আলোচনা সভায় স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারীদের ধর্মীয় অনুশাসন ও জাতীয় ঐক্যের গুরুত্বের ওপরও আলোকপাত করা হয়।











